দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’, টানা দুই সেঞ্চুরিতে সুরিয়া

তিন মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও বড় পর্দায় হাজির হয়েছেন সুরিয়া (Suriya)। তার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ মুক্তির পরপরই দর্শকের কাছ থেকে পাচ্ছে বিপুল সাড়া। মাত্র দুই দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি রুপির সীমা ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে পরপর দুটি সিনেমায় বক্স অফিসে সেঞ্চুরি হাঁকালেন এই অভিনেতা।

এর আগে সুরিয়ার ‘কারুপ্পু’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় সাড়ে তিনশ কোটি রুপি আয় করে। সেই সাফল্যের সুবাদে ‘কারুপ্পু’ হয়ে ওঠে সুরিয়ার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা। সেই রেশ কাটতে না কাটতেই এবার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ নিয়েও বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করলেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে ভেঙ্কি আতলুরি (Venky Atluri) পরিচালিত সিনেমাটি। প্রযোজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই এর বৈশ্বিক আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে সুরিয়ার ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত ১০০ কোটির ঘরে পৌঁছানো সিনেমার স্বীকৃতিও এখন ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’-এর দখলে।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে শিল্পপতি ও অলিম্পিক মেডেলজয়ী সঞ্জয় বিশ্বনাথকে ঘিরে। মায়ের ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে একটি সন্তানের বাবা হয় সঞ্জয়। কিন্তু কিছুদিন পর সেই সন্তান অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি তাকে আবারও সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করে।

শুরুতে সঞ্জয় ও সারোগেট মায়ের সম্পর্ক ছিল অর্থের বিনিময়ে হওয়া একেবারেই স্বাভাবিক একটি লেনদেনের মতো। তবে সন্তানের সূত্র ধরেই ধীরে ধীরে তাদের সম্পর্ক অন্য দিকে মোড় নেয়। একপর্যায়ে সঞ্জয় বিশ্বনাথ ও সেই নারীর মধ্যে গড়ে ওঠে প্রেম। গল্পে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বয়সের ব্যবধান—সঞ্জয়ের চেয়ে ২০ বছরের ছোট সেই সারোগেট মায়ের নাম ম্যাডি।

সমাজে প্রচলিত বিভিন্ন ট্যাবু ভাঙার বিষয়কে গল্পের কেন্দ্রে নিয়ে আসার কারণে সিনেমাটি প্রশংসাও কুড়াচ্ছে। সুরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু (Mamitha Baiju), রাধিকা শরৎকুমার (Radhika Sarathkumar), রাবিনা ট্যান্ডন (Raveena Tandon), সুনীল রেড্ডি ও নাসার (Nassar) প্রমুখ।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ নির্মাণে প্রায় ১৩০ কোটি রুপি ব্যয় হয়েছে। মুক্তির মাত্র দুই দিনেই ১০০ কোটি রুপির বৈশ্বিক আয় ছুঁয়ে ফেলায় সিনেমাটি এখন সুরিয়ার সাম্প্রতিক টানা বক্স অফিস সাফল্যের আরেকটি বড় সংযোজন।