দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে সিনেমা অঙ্গনে এখন জোর আলোচনা। ধুমধাড়াক্কা অ্যাকশনধর্মী এই সিনেমা ঘিরে দর্শকদের কৌতূহলও তুঙ্গে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে ছবিটির অন্যতম প্রধান অভিনেত্রী নয়নতারাকে ঘিরে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ন্যাড়া মাথায় ‘টক্সিক’-এর প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, যশের সিনেমাটির বক্স অফিস সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন নয়নতারা। এ সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিওও দ্রুত ছড়িয়ে পড়ে। নয়নতারাকে চুলহীন অবস্থায় দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে নেটপাড়ায় ভক্তদের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা।
তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার পুরো দাবিটিই ভুয়া ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলো মূলত এআই প্রযুক্তির সাহায্যে বিকৃত করে তৈরি করা হয়েছে।
গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা। সে সময় তার পরনে ছিল সাদা পোশাক ও সবুজ ওড়না। সেই পুরোনো ছবিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদনা করে নয়নতারা ন্যাড়া হয়েছেন—এমন বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে।
মুক্তির অপেক্ষায় ‘টক্সিক’
আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর। অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামা ঘরানার এই ছবিতে যশের বিপরীতে শুধু নয়নতারা নন, অভিনয় করেছেন একাধিক প্রথম সারির অভিনেত্রী।
বড় পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির উপস্থিতিও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। যশের মেগাবাজেটের এই সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
‘এলিজাবেথ’ নামে একটি ক্যারিশম্যাটিক চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। অন্যদিকে যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় দেখা যাবে রুক্মিণী বসন্তকে।
পরিচালক গীতু মোহনদাস এরই মধ্যে সিনেমাটিতে যশের ভয়ংকর চেহারা ও অ্যাকশনের ঝলক দেখিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন। টিজার-ট্রেলারের পর প্রত্যাশার পারদও উঠেছে বেশ ওপরে।
তবে ভাইরাল হওয়া নয়নতারার ন্যাড়া মাথার ছবির পেছনে কোনো বাস্তব ঘটনা নেই—এআই প্রযুক্তিতে তৈরি বিভ্রান্তিকর ছবিই যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, সেটিই এখন স্পষ্ট। আর এত আলোচনা ও প্রত্যাশার পর যশের ‘টক্সিক’ সিনেমাটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।


