পে-স্কেলের ‘কবে’ প্রশ্নে ফের ভাইরাল জাফর ইকবাল-ববিতার ‘তুমি আমার জীবন’

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে এর মধ্যেই সেই আলোচনার সঙ্গে মজার এক মিল খুঁজে পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমা ‘অবুঝ হৃদয়’-এর একটি গান নতুন করে ভাইরাল হয়েছে। গানটির একটি বিশেষ অংশ যেন পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার কথাই মনে করিয়ে দিচ্ছে।

প্রয়াত নায়ক জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো আলোচিত গানটি হলো ‘তুমি আমার জীবন’। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এই গানটি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় গান হিসেবেই পরিচিত।

এবার গানটির ‘কেউ জানে না’ কথাগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এর চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে, সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর না মেলায় অনেকে মজার ছলে গানটির অংশ শেয়ার করছেন।

রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে সেটাও মনে হয় কেউ জানে না।’

অর্থাৎ পে-স্কেল নিয়ে আলোচনার শেষ কোথায়, সেটিই এখন যেন সবচেয়ে বড় প্রশ্ন। সিদ্ধান্ত কবে চূড়ান্ত হবে, সেই ‘কবে’ প্রশ্নের উত্তর না মেলায় পুরোনো গানটির কথার সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন অনেকে।

ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’

ফলে নতুন পে-স্কেল নিয়ে নানা আলোচনা, সম্ভাব্য সিদ্ধান্ত ও নতুন খবরের ভিড়ে আশির দশকের জনপ্রিয় এই গানটিও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জায়গা করে নিয়েছে। বিশেষ করে ‘কেউ জানে না’ কথাটিকে ঘিরেই তৈরি হয়েছে এই মজার যোগসূত্র।

ইউটিউবে গানটি এখন পর্যন্ত ১৮ মিলিয়নবার দেখা হয়েছে। ‘অবুঝ হৃদয়’ সিনেমার আলোচিত গানটির মাত্র ১৪ সেকেন্ডের একটি ভিডিওতেও জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্য অনেকের পছন্দ হয়েছে।

‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি তাই পুরোনো দিনের জনপ্রিয়তার পাশাপাশি পে-স্কেল নিয়ে চলমান আলোচনার কারণে নতুন প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যমেও আবার জায়গা করে নিয়েছে।