‘গাটার জেনারেশন’ মন্তব্য ঘিরে এবার যোগগুরু ও ব্যবসায়ী রামদেব (Ramdev)-কে পালটা কটাক্ষ করলেন বিজেপি (Bharatiya Janata Party)-র সংসদ সদস্য এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রামদেবের সাম্প্রতিক মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই কঙ্গনা কীভাবে তার জবাব দেন, তা নিয়ে আলোচনা চলছিল। বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে সেই জবাবই দিলেন ‘কুইন’ সিনেমার অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কঙ্গনা লিখেছেন— ‘বাবাজি, আমার যৌবন বা শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব আর কানাঘুষার ভিত্তিতে যা খুশি ভাবাই যায়! কিন্তু অন্তত আমার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এর জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court)-এর ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব বা অনুমান নয়, তথ্য রয়েছে। তাই আমাকে চরিত্রের শিক্ষা দেবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।’
মূলত অভিনেত্রীর ‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়েই এক সাক্ষাৎকারে কঙ্গনার সমালোচনা করেছিলেন রামদেব। তিনি প্রশ্ন তুলেছিলেন— ‘ওর শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল? আগের কীর্তিগুলো কেমন ছিল? আমি এ ধরনের মানুষকে নিয়ে কথা বলতে চাই না। দেশের কোনো যুবককে “নর্দমা” বলা বিকৃত মানসিকতার লক্ষণ। এটা চরম ভুল। তার দলের লোকজনেরও বিষয়টি লক্ষ করা উচিত।’
সেই সাক্ষাৎকারেই রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়েছিল, কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী হিসেবেও পরিচয় দেন। তবে তাতেও নিজের অবস্থান বদলাননি রামদেব। জবাবে তিনি বলেন, কেউ তার যোগের প্রশংসা করলেই কি তিনি সেই ব্যক্তির পাপকাজ ঢেকে রাখবেন?
রামদেবের এই মন্তব্য সামনে আসার পর থেকেই কঙ্গনা নিশ্চুপ থাকবেন না— এমন জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে অভিনেত্রীর অতীত, যৌবন ও ব্যক্তিজীবন প্রসঙ্গে রামদেব যেভাবে মন্তব্য করেছিলেন, তার পর কঙ্গনার প্রতিক্রিয়া নিয়ে আগ্রহ আরও বাড়ে।
শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন কঙ্গনা। সেখানে রামদেবকে সরাসরি কটাক্ষ করার পাশাপাশি নিজের বিরুদ্ধে প্রতারণার কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে চরিত্র নিয়ে তাকে শিক্ষা না দেওয়ার কথাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিজেপির এই সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী।


