ইতালির রোমে কনসার্ট শেষে হোটেলকক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ নিয়ে এবার সরাসরি নিজের অবস্থান জানিয়েছেন নগরবাউল জেমস। আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই তারকা শিল্পী। সেখানেই রোমের হোটেলকাণ্ড নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি।
সংবাদ সম্মেলনে রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস সরাসরি বলেন, ওই কক্ষে তিনি ছিলেনই না। তাঁর ভাষায়, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে, সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে।’
অভিযোগের বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। তিনি বলেন, ‘এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না।’
এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসন দেখা যায়। হোটেল কর্তৃপক্ষও কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছিল।
তখনও জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। তিনি ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই একই তথ্য জানিয়ে বিতর্কিত বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন।
আগামী ২৩ আগস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আয়োজন সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোমের বিতর্কের পর ভেনিসের মঞ্চে জেমসের পারফরম্যান্স ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


