দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার হাজির হয়েছেন একেবারেই ভিন্ন এক রূপে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে নানা সময়ে আলোচনায় থাকলেও এবার বড় পরিসরের একটি মিউজিক ভিডিওর মডেল হয়ে নজর কেড়েছেন তিনি। ‘শিকারি’ শিরোনামের গানটি বৃহস্পতিবার লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। মিউজিক ভিডিওটির শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে জায়েদ খান জানান, এতে ব্যবহার করা হয়েছে বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, রুশ মডেল এবং হলিউড সিনেমার আবহ তৈরি করা বিভিন্ন লোকেশন। তাঁর ভাষায়, ক্যারিয়ারে এটি সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার একটি অভিজ্ঞতা।
মিউজিক ভিডিওটির নির্মাণশৈলী নিয়েও বেশ আশাবাদী জায়েদ খান। তিনি মনে করেন, দর্শক সাধারণত যে ধরনের বিনোদন খোঁজেন, এই আয়োজনে তার চেয়ে আরও উন্নত মানের কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাসজীবনে হলিউড ঘরানার কাজের যে অপ্রাপ্তি ছিল, ‘শিকারি’র মাধ্যমে সেটি অনেকটাই পূরণ হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, একটি চলচ্চিত্রের গানের পেছনে যে পরিমাণ সময়, পরিকল্পনা ও নান্দনিক লোকেশনের প্রয়োজন হয়, এই মিউজিক ভিডিওটির চিত্রায়নে তার চেয়েও বেশি যত্ন নেওয়া হয়েছে।
নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকর্ষণীয় স্থানে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। লোকেশন থেকে শুরু করে নির্মাণের বিভিন্ন দিকেই বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে বলে জানান জায়েদ খান। দেশে ও প্রবাসে থাকা দর্শক গানটি দেখে দারুণ উপভোগ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
দেশি-বিদেশি সাত মডেলের সঙ্গে জায়েদ
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে গানটির দৃশ্যধারণ শেষ হয়। এতে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল পারফর্ম করেছেন।
বাংলাদেশের মডেল ইয়াসমিনের পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর। আর কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন রোহান বিল্লাল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে বড় আয়োজনের এই কাজের মধ্য দিয়ে জায়েদ খান এবার দর্শকদের সামনে নিজের পরিচিত অভিনয়-নাচের বাইরেও নতুন এক উপস্থাপনায় হাজির হলেন।


