গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় কনসার্ট ও গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। কাছাকাছি সময়ের মধ্যে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট এবং গানের অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অনেক শিল্পী ও মিউজিশিয়ান। কেউ কেউ এ পরিস্থিতির সমাধানে সরকারের পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। এবার একই প্রসঙ্গে সরাসরি সরকারের কাছে প্রশ্ন রাখলেন সংগীতশিল্পী আসিফ আকবর (Asif Akbar)—বাংলাদেশে কনসার্ট হবে, নাকি হবে না?
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (Bangladesh Film Development Corporation) বা বিএফডিসিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসিফ আকবর। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও নিজের অবস্থানের কথা জানান তিনি। আসিফ বলেন, তিনি নিজের ফেসবুক পেজ ও প্রোফাইল বন্ধ করে দিয়েছেন।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ফেসবুক একসময় সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি মূলত বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে পরিণত হয়েছে। যে যেভাবে পারছেন, নিজের মতো করে তথ্য ছড়িয়ে দিচ্ছেন। আর এসব থেকে দূরে থাকতেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ থেকেই দেশের সাম্প্রতিক কনসার্ট বন্ধের ঘটনাগুলো আলোচনায় নিয়ে আসেন আসিফ। বিশেষ করে কিশোরগঞ্জ (Kishoreganj) ও ব্রাহ্মণবাড়িয়া (Brahmanbaria)-র ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সেদিন কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ হলো। এরপর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে গানের অনুষ্ঠান বন্ধ হলো। এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর সমাধান করতে হবে।’
এ ধরনের ঘটনা নিয়ে সরকারের অবস্থান দ্রুত পরিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন এই সংগীতশিল্পী। তার ভাষায়, ‘সরকারকে ইমিডিয়েট বলতে হবে, বাংলাদেশে গান-বাজনা হবে কি হবে না। বাংলাদেশ সংবিধান আসলে কী বলে।’
বিষয়টি নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে আসিফ বলেন, যদি সংবিধানে গান-বাজনা নিষিদ্ধ থাকে, তাহলে শিল্পীরা বিদেশে চলে যাবেন। এরই মধ্যে দেশের অনেক শিল্পী বিদেশে চলে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। আসিফ বলেন, ‘যদি সংবিধানে নিষিদ্ধ হয়, তবে আমরা চলে যাই বিদেশ। আমাদের অনেক শিল্পীরাই চলে গেছে। বলে দিলে বাকিরাও চলে যাবে।’
তবে এসব ঘটনা কিংবা পরিস্থিতির কারণে নিজের কথা বলা বন্ধ করবেন না বলেও জানিয়ে দেন আসিফ আকবর। নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু আমি কথা বন্ধ রাখব না। বলেই যাব।’
