অনুমোদিত নিয়োগকর্তার বাইরে কাজ করলে কঠোর শাস্তি, সৌদি আরবে প্রবাসীদের জন্য নতুন সতর্কতা

অনুমোদিত নিয়োগকর্তার বাইরে কিংবা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব (Saudi Arabia)-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Interior)।

গালফ নিউজ (Gulf News) জানিয়েছে, একই অপরাধ বারবার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারা’\দণ্ড দেওয়া হতে পারে। পরিস্থিতি বিবেচনায় তাকে নিজ দেশে ফেরত পাঠানোর শাস্তিও দেওয়া হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কর্মসংস্থানের নির্ধারিত কাঠামোর বাইরে কোনো প্রবাসীর নিজস্বভাবে কাজ করাকে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

নিয়ম অনুযায়ী, প্রথমবার এই অপরাধে ধরা পড়লে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি ডিপোর্ট করা হতে পারে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার পরিমাণ বেড়ে হবে ২৫ হাজার রিয়াল। একই সঙ্গে এক মাসের কারা’\দণ্ড এবং ডিপোর্টের বিধান রয়েছে।

তৃতীয়বার কিংবা এরপরও একই ধরনের অপরাধ করলে শাস্তি আরও কঠোর হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারা’\দণ্ড এবং ডিপোর্টের বিধান রাখা হয়েছে।

শুধু সংশ্লিষ্ট প্রবাসীরাই নয়, তাদের অবৈধভাবে কাজ করতে সহায়তা করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কোনো অবৈধ কর্মীকে নিয়োগ দেওয়া, পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা লুকিয়ে রাখার ঘটনায় সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারা’\দণ্ড হতে পারে।

শ্রমবাজারে অনুমোদনহীন কর্মসংস্থান বন্ধে দেশজুড়ে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈধ কর্মসংস্থানের কাঠামোর বাইরে প্রবাসীদের কাজ বন্ধ করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে।