সম্প্রতি পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গেছেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে এবার মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে শুধু নিজের জন্য নয়, নিজের দেশ ও দেশের পুরো তরুণ প্রজন্মের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের জন্যও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি।
মক্কায় দাঁড়িয়ে রাখি প্রার্থনা করেন, ঈশ্বর যেন তার দেশকে রক্ষা করেন এবং মানুষকে ভুল পথে পরিচালিত করা ব্যক্তিদের হাত থেকেও দেশকে নিরাপদ রাখেন। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি, তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের মান-সম্মান অক্ষুণ্ন রাখার জন্য আকুতি জানান তিনি।
দেশের রাজনৈতিক নেতাদেরও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রার্থনা করেন এই অভিনেত্রী। তার বক্তব্যে দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও উন্নতির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
প্রার্থনার একপর্যায়ে দেশের একটি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কথাও স্মরণ করেন রাখি। আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এক পরিবারের তিন সদস্য আ’ত্মহ’ত্যা করেছেন—এমন একটি ঘটনার প্রসঙ্গ তুলে তরুণদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন তিনি।
রাখি তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়ে বলেন, দামি জিনিসপত্র কিংবা আইফোনের চাহিদা পূরণ করতে গিয়ে কেউ যেন বাবা-মাকে কষ্ট না দেন। বরং কঠোর পরিশ্রম করে নিজের উপার্জনের মাধ্যমে নিজের ভবিষ্যৎ ও জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
নিজের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলেছেন রাখি। তিনি জানান, জন্মসূত্রে তিনি হিন্দু। পরবর্তী সময়ে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে একই সঙ্গে তিনি সব ধর্মের প্রতিই সমান সম্মান প্রদর্শনের কথা জানিয়েছেন।
মক্কার এই সফরে রাখির প্রার্থনা ও বক্তব্যে তাই শুধু ব্যক্তিগত আধ্যাত্মিকতার বিষয়ই উঠে আসেনি; বরং শিক্ষা, সততা, তরুণদের ভবিষ্যৎ এবং বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ববোধের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।


