মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি সামনে রেখে তিনি প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানান।
একই চিঠিতে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোযোগের কথাও তিনি ভুলবেন না বলে চিঠিতে উল্লেখ করেছেন। পাশাপাশি, ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশার কথাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
