অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করে আলোচনায় এসেছিলেন তিনি। অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখে অল্প সময়েই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। এবার সেই পথচলায় যুক্ত হতে যাচ্ছে আরও বড় একটি আন্তর্জাতিক অর্জন।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে সুনেরাহ বিনতে কামাল অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা বিশ্বের প্রাচীনতম এই চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। ফলে দেশের চলচ্চিত্রের জন্যও এটি একটি ঐতিহাসিক অর্জন হয়ে উঠেছে।
এই বিশেষ মুহূর্তের অংশ হতে এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে উড়াল দেবেন সুনেরাহ।
ভেনিসের মতো বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়াকে কেবল নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না এই অভিনেত্রী। তার কাছে আন্তর্জাতিক এই মঞ্চ নতুন অভিজ্ঞতা অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
বিশ্বচলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও সিনেমা বিশেষজ্ঞদের সঙ্গে একই ছাদের নিচে উপস্থিত থাকার সুযোগ তার অভিনয়জীবনে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী সুনেরাহ। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের এই বৃহৎ পরিসরের সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা তার আগামী দিনের অভিনয়যাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন তিনি।


