মধ্যপ্রাচ্যে চলমান যু’\দ্ধে মস্কোর অবস্থানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে মঙ্গলবার দুই নেতার মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতিনকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিটি পর্যায়ে আপনার অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। এটি প্রমাণ করে আমাদের সম্পর্কটি কৌশলগত, কোনো সাধারণ সম্পর্ক নয়।’
এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দেন। একই সঙ্গে ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে সম্প্রতি মস্কো ও বেইজিংকেও সতর্ক করেছেন তিনি।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়া আপনাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে। জাতীয় স্বার্থ রক্ষার লড়াইয়ে আপনাদের সাহস ও দৃঢ়তার আমরা প্রশংসা করি।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও গত বছর থেকে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গতি আমরা ধরে রেখেছি।’
রাশিয়া ও ইরান—দুই দেশই আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে দেশ দুটি পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এরই মধ্যে সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে চাপ প্রয়োগের অভিযান অব্যাহত রাখা হবে। এমন পরিস্থিতির মধ্যেই ইরান-রাশিয়া সম্পর্কের কৌশলগত দিকটি সামনে এনে পুতিনের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পেজেশকিয়ান।


