প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে আলোচনায় আসা সমাজকর্মী সোনম ওয়াংচুক এবার বলিউড তারকা সালমান খানের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। আন্দোলনের শেষ পর্যায়ে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে এর একদিনের মধ্যেই তার অবস্থানে পরিবর্তন আসে। তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থা রাখার পরামর্শ দেন।
সেই সময় অনশনে থাকা সোনম ওয়াংচুককেও কর্মসূচি শেষ করে খাবার খাওয়ার অনুরোধ করেছিলেন সালমান। প্রয়োজনে নিজের বাড়ি থেকে খাবার পাঠানোর কথাও জানিয়েছিলেন এই অভিনেতা।
সালমানের সেই অবস্থান নিয়ে এতদিন পর প্রতিক্রিয়া জানিয়ে ওয়াংচুক বলেন, প্রত্যেক মানুষেরই হয়তো ব্যক্তিগত কিংবা অন্য ধরনের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। তবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
সালমানকে এখনও শ্রদ্ধার চোখে দেখেন জানিয়ে ওয়াংচুক বলেন, কোনো একটি বিষয়কে সব দিক থেকে বিবেচনা করা প্রয়োজন। তাঁর মতে, অন্তত সালমান প্রকাশ্যে কিছু বলেছিলেন—এটিও গুরুত্বপূর্ণ। অভিনেতার অবস্থান পরিবর্তনের পেছনে কী কারণ বা বাধ্যবাধকতা ছিল, সে বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য তাঁর কাছে নেই।
আমির খানের মন্তব্যেও জবাব দিয়েছিলেন
সালমানের পাশাপাশি আমির খানের একটি মন্তব্য নিয়েও সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনম ওয়াংচুক। আমির খান দাবি করেছিলেন, ওয়াংচুকের সঙ্গে তাঁর কখনো সাক্ষাৎ হয়নি। এর জবাবে কিছুটা রসিকতার সুরে ওয়াংচুক বলেছিলেন, সম্ভবত আমিরের স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ হয়েছিল।
ওয়াংচুকের দাবি, পুরোনো কিছু ভিডিওতে দেখা যায়, আমির খান ‘গজনি’ সিনেমার চরিত্রের পোশাকে তাঁর বক্তব্য শুনছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি মজা করে বলেন, হয়তো ওই চরিত্রের মতোই কিছুক্ষণ পর আমির তাঁকে ভুলে গিয়েছিলেন। তাই অভিনেতার এমন বক্তব্যে তিনি খুব একটা বিস্মিত হননি।
গত জুলাইয়ে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খানকে সোনম ওয়াংচুকের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’কে ঘিরে। দীর্ঘদিন ধরে বলা হয়ে আসছে, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার র্যাঞ্চো চরিত্রটি সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি করা হয়েছিল।
তবে লন্ডনের ওই অনুষ্ঠানে আমির খান এই ধারণাকে ভুল বলে স্পষ্ট করেন। তিনি জানান, ২০০৯ সালে সিনেমাটি তৈরির সময় তিনি সোনম ওয়াংচুককে চিনতেন না।


