বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের কাজ কমছে, নতুন সুযোগে এগিয়ে তরুণ প্রজন্ম

দশকের পর দশক ধরে ভারতীয় সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কাছ থেকে রুপালি পর্দায় নিয়মিত কাজের ব্যস্ততা প্রত্যাশা করা হয়েছে। তবে ‘ভ্যারাইটি’র এক প্রতিবেদনে উঠে এসেছে, বলিউডে সেই পুরোনো সমীকরণ এখন দ্রুত বদলে যাচ্ছে। দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফের মতো প্রতিষ্ঠিত তারকারা আগের তুলনায় নিজেদের কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি নির্বাচনি হয়ে উঠেছেন।

প্রতিষ্ঠিত অভিনেত্রীদের কাজের গতি কমে যাওয়ায় অবশ্য বলিউডে তৈরি হয়েছে নতুন প্রজন্মের জন্য বাড়তি সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে জাহ্নবি কাপুর, কৃতি স্যানন, রাশমিকা মান্দানা, অনন্যা পান্ডে ও তৃপ্তি দিমরির মতো তরুণ তারকারা প্রতিযোগিতাপূর্ণ এই ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে ব্যস্ত সময় পার করছেন।

বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হিন্দি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’-এ দেখা গিয়েছিল। অন্যদিকে আনুশকা শর্মার শেষ বড় সিনেমা ছিল ‘জিরো’। ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন ‘মেরি ক্রিসমাস’-এ। আর কারিনা কাপুর ‘জান জানে’ ও ‘সিংহাম এগেইন’-এর মতো কাজের পাশাপাশি নিজের অন্যান্য দায়িত্বও সামলেছেন।

কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত অভিনেত্রীদের এই পরিবর্তনের পেছনে রয়েছে বদলে যাওয়া অগ্রাধিকার এবং অভিনয়ের বাইরে তৈরি হওয়া নানা ব্যবসায়িক সুযোগ। অতীতে অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের অনেক কিছু বিসর্জন দিয়ে প্রায় অবিরাম কাজ করে যেতে হতো। এখন সেই বাস্তবতা অনেকটাই বদলে গেছে।

এই পরিবর্তনের ধারার সূচনাকারীদের মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের নামও সামনে আসে। মূলধারার সিনেমার প্রচলিত ব্যস্ত গতি থেকে কিছুটা দূরে থেকেও তিনি নিজের তারকাখ্যাতি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। তার পরবর্তী সময়ে বর্তমানের প্রতিষ্ঠিত অভিনেত্রীরাও অনেকটা একই পথ অনুসরণ করছেন। অভিনয়ের পাশাপাশি তারা নিজেদের ব্যবসা ও ব্র্যান্ড গড়ে তুলছেন।

ক্যাটরিনা কাইফ যেমন সফল একটি বিউটি ভেঞ্চার গড়ে তুলেছেন। দীপিকা পাড়ুকোন যুক্ত হয়েছেন বিভিন্ন বিনিয়োগের সঙ্গে। আর আলিয়া ভাট শিশুদের পোশাকের ব্র্যান্ডের মাধ্যমে উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচয় তৈরি করেছেন।

এই পরিবর্তনের পেছনে ওটিটি প্ল্যাটফর্মের উত্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো প্রতিষ্ঠিত তারকাদের আরও জটিল ও ভিন্নধারার চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ফলে বড় পর্দায় নিয়মিত উপস্থিত না থেকেও নিজেদের অভিনয়জীবনে নতুন ধরনের কাজের মাধ্যমে সক্রিয় থাকার সুযোগ পাচ্ছেন তারা।

প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক অঙ্গনে ‘সিটাডেল’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো কাজে যুক্ত হয়েছেন। কারিনা কাপুর ‘জান জান’ দিয়ে নতুন দর্শকের কাছে পৌঁছেছেন। আলিয়া ভাটও ‘ডার্লিংস’-এর পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্ট ‘হার্ট অব স্টোন’-এ অভিনয় করেছেন।

তবে বলিউডের বক্স অফিসে বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমার আধিক্য এবং মানসম্মত চিত্রনাট্যের ঘাটতিও প্রতিষ্ঠিত অভিনেত্রীদের অনেক সময় সিনেমা থেকে দূরে রাখছে।

এ প্রসঙ্গে পরিচালক মুদাসসার আজিজ ‘পুষ্পা’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমার উদাহরণ টেনে বলেন, এসব ছবিতে নারী চরিত্রগুলোর অবস্থান এতটাই করুণ যে অনেক অভিনেত্রী সচেতনভাবেই এ ধরনের কাজ থেকে দূরে থাকছেন।

সব মিলিয়ে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীরা সিনেমা থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। বরং তারা এমন এক নতুন ক্ষমতার জগতে প্রবেশ করছেন, যেখানে সিনেমা আর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। অভিনয়ের পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, ব্র্যান্ড ও আন্তর্জাতিক কাজ—সব মিলিয়ে সিনেমা এখন তাদের বৃহত্তর ব্যবসায়িক সাম্রাজ্যের একটি অংশ মাত্র।