মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জয় করেন। সেই প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি। ফ্যাশন ও মডেলিং জগতে নিজের অবস্থান তৈরি করা জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করছেন।
শনিবার নিয়া ট্রাংয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এর মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ডের নতুন অধ্যায় শুরু হলো ডোমিনিকান রিপাবলিকের এই সুন্দরীর জন্য।
মুকুট জয়ের পর এখন আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবেন জোহেইরি মোলা। পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানেরও প্রতিনিধিত্ব করবেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের মর্যাদা পেয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।


