ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা আবারও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’ একই সঙ্গে বিএনপি আমলে দুর্নীতি ও ঋণখেলাপির বিষয় নিয়েও সমালোচনা করেন তিনি।
রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সংসদে উত্তেজনা তৈরি হলে তিনি পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’
আওয়ামী লীগের আমলে সংসদে তার বক্তব্য দেওয়ার সময়ও হট্টগোল হতো বলে উল্লেখ করেন রুমিন। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি সংসদের পরিবেশের সমালোচনা করেন।
ব্যাংক রেজল্যুশন বিলের নির্দিষ্ট একটি ধারার প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, বিলে ১৮-এর ‘ক’ ধারা রাখা হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ।
বক্তব্যের শেষ দিকে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তোলেন রুমিন ফারহানা। এ বিষয়টি সামনে আসার পর সংসদে উত্তেজনা আরও বেড়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র হট্টগোল।
