তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও একসময়ের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় (Thalapathy Vijay) কিছু দিন আগেই স্পষ্ট করে জানিয়েছিলেন, কোনো নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বা কুরুচিকর মন্তব্য করা হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে অভিনেত্রী তৃষা কৃষ্ণান (Trisha Krishnan)-এর পাশে দাঁড়ালেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)-র নেতা উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)-এর একটি রাজনৈতিক সভায় ঘটে অপ্রীতিকর ঘটনা। ওই সভায় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের বিরুদ্ধে বক্তব্য চলার সময় ভিড়ের মধ্য থেকে তৃষা কৃষ্ণানকে লক্ষ্য করে কুৎসিত ও আপত্তিকর স্লোগান দেওয়া হয়।
প্রথম সারির একজন শিল্পীকে ঘিরে এমন কুরুচিপূর্ণ আচরণের ঘটনায় নেটদুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি সামনে আসার পর কঠোর হুঁশিয়ারি দেন বিজয়। তাঁর বার্তা ছিল স্পষ্ট—নারীদের নিয়ে কোনো ধরনের নোংরা মন্তব্য কিংবা চরিত্রহননের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তৃষা কৃষ্ণানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে কঙ্গনা বলেন, ‘তামিলনাড়ুতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও, কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নিশানা করা হয় নারীকেই।’
তৃষার প্রতি কঙ্গনার এই সহমর্মিতা এবং তাঁর স্পষ্ট অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা পাচ্ছে। বিনোদনপ্রেমীদের একাংশের মতে, ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একজন নারীর সম্মানের প্রশ্নে কঙ্গনার এমন প্রতিবাদী ভূমিকা ব্যতিক্রমী এবং প্রশংসনীয়।


