বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে আওয়ামী লীগের পক্ষে ভুয়া সংবাদ তৈরির এআই নেটওয়ার্ক শনাক্ত

বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ভুয়া বাংলা সংবাদ তৈরি ও প্রচারের জন্য পরিচালিত একটি স্বয়ংক্রিয় নেটওয়ার্ক শনাক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। নেটওয়ার্কটির সঙ্গে যুক্ত ২৯টি ক্লাউড অ্যাকাউন্ট ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

১০ সেপ্টেম্বর ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট’ নামে ১৫৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে অ্যানথ্রপিক। প্রতিবেদনে বলা হয়েছে, গাইবান্ধায় অবস্থানকারী একজন ব্যক্তি একাই প্রায় ১৬ মাস ধরে এই কার্যক্রম পরিচালনা করেছেন।

প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং শনাক্তকরণ এড়াতে ওই ব্যক্তি ঘুরিয়ে-ফিরিয়ে মোট ২৯টি ক্লাউড অ্যাকাউন্ট ব্যবহার করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভুয়া সংবাদ তৈরির জন্য ওই ব্যক্তি ‘ফেক নিউজ ৩ ডট পিওয়াই’ নামে একটি সফটওয়্যারও তৈরি করেছিলেন। সফটওয়্যারটি ক্লাউডের সঙ্গে যুক্ত হয়ে প্রতিবার ১৫টি শিরোনাম, তিনটি বিস্তারিত ভুয়া সংবাদ এবং ছবি তৈরির জন্য ১৫টি প্রম্পট তৈরি করত।

অ্যানথ্রপিকের তদন্তে উঠে এসেছে, এই নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ১ হাজার ৫০০টি শিরোনাম, ৩০০টি মিথ্যা বর্ণনা এবং ছবি তৈরির জন্য ১ হাজার ৫০০টি প্রম্পট তৈরি করা হয়েছে।

অর্থাৎ, দীর্ঘ সময় ধরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিপুল পরিমাণ বাংলা কনটেন্ট তৈরির পাশাপাশি সেগুলোকে আরও বিস্তৃতভাবে প্রচারের জন্য ছবি তৈরির প্রম্পটও প্রস্তুত করা হয়েছিল। অ্যানথ্রপিকের প্রতিবেদনে উঠে আসা এই তথ্য বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত ওই নেটওয়ার্কের কার্যক্রমের পরিধি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়।