মুক্তির তিন মাস আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র অগ্রিম টিকিট বিক্রিতে ৬০০ কোটি টাকা

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য বিক্রি হয়েছে। অর্থাৎ, সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা বড়পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উপভোগ করতে দর্শকদের একটি বড় অংশ এসব বিশেষ স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

মুক্তির সময়ও ‘ডুমসডে’র জন্য বক্স অফিসে বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বড়দিনের ছুটির মৌসুমে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসায় একই সময়ে তাকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারে।

কারণ, একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’। ফলে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে শক্তিশালী অবস্থান তৈরি করা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: ভ্যারাইটি