কঙ্গনার তীব্র আক্রমণের মুখে রাখি, ‘ঝাড়ুদারের চাকরিরও যোগ্যতা নেই’

বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াতকে ঘিরে বিতর্ক যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এবার তার তীব্র ক্ষোভের নিশানায় এসেছেন ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত রাখি সাওয়ান্ত। সম্প্রতি কঙ্গনা রানাওয়াত ও স্মৃতি ইরানিকে নিয়ে রাখির কিছু আপত্তিকর মন্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছেন, রাখির নাকি একটি ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ওই পোস্টে রাখি এবং সমসাময়িক সমালোচকদের উদ্দেশে কঙ্গনা লেখেন, যারা নিজেদের জীবনে কিছু করতে পারেনি, তারা নিজেদের ব্যর্থতা ও হিংসা আড়াল করতেই সফল নারীদের নিয়ে কটূক্তি করে। তার ভাষ্য, সফল নারীদের অপমান করে এসব মানুষ একধরনের বিকৃত আনন্দ পায়। তাই এ ধরনের ভিত্তিহীন আক্রমণের বিরুদ্ধে এবার শক্ত হাতে দাঁড়ানোর সময় এসেছে।

ক্ষোভের মাত্রা আরও বাড়িয়ে কঙ্গনা লেখেন, খ্যাতি পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু তার দাবি, এত কিছু করার পরও রাখির ভাগ্যে একটি ঝাড়ুদারের চাকরিও জুটবে না। কারণ এমন একটি সাধারণ কাজের জন্যও কিছুটা যোগ্যতার প্রয়োজন হয়। এরপর রাখিকে চুপচাপ বসে রিলস দেখে কান্নাকাটি করার পরামর্শ দেন কঙ্গনা।

কঙ্গনা ও রাখির মধ্যে এর আগেও একাধিকবার প্রকাশ্যে কথার লড়াই হয়েছে। এর আগে রাখি কঙ্গনাকে ‘গাটার মাউথ’ বলেও আক্রমণ করেছিলেন।

তবে এবার কঙ্গনা স্পষ্ট করে জানিয়েছেন, যারা তার সাফল্যের ধারেকাছেও পৌঁছাতে পারেনি, কিংবা শুধু মিডিয়ায় টিকে থাকার জন্য তার নাম ব্যবহার করে, তাদের কটূক্তিতে তিনি সামান্যতমও কান দেন না। তার এমন বক্তব্যের মধ্যেই বলিউডে কঙ্গনা-রাখির পুরোনো দ্বন্দ্ব যেন নতুন করে সামনে এসেছে।

সম্প্রতি একটি কমেডি শোয়ে রাখি সাওয়ান্ত অংশ নেওয়ার পর থেকেই কঙ্গনা ও রাখির এই নতুন বাকযুদ্ধ নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্র: সামা টিভি।