সব গুঞ্জনের অবসান, কাল বিয়ের পিঁড়িতে জেফার রহমান ও রাফসান সাবাব
Description: দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে যে কানাঘুষা আর নানামুখী জল্পনা চলছিল, অবশেষে তারই আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। কণ্ঠশিল্পী জেফার রহমান (Jefar Rahman) ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব (Rafsan Sabbab) আগামীকাল বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। আলোচিত এই সম্পর্কটি এবার পাচ্ছে সামাজিক ও পারিবারিক স্বীকৃতি।
প্রায় এক বছর ধরেই জেফার-রাফসানের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল শোবিজ মহলে। যদিও পুরো সময়টাতেই এ বিষয়ে দুজনই ছিলেন নীরব ও সংযত। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে কেবল ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা এড়িয়ে চলাই ছিল তাদের অভ্যাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই নীরবতাই যেন আরও বাড়িয়ে দেয় কৌতূহল।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে আগামীকাল অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে বিয়ের দাওয়াত। যদিও এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে জেফার রহমানের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা যায়, জেফার ও রাফসানের সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা, বোঝাপড়া এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছানো।
রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন জোরালোভাবে আলোচনায় আসে বছরখানেক আগে। বিশেষ করে রাফসানের ব্যক্তিগত জীবনের এক অধ্যায় শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের নাম একসঙ্গে উচ্চারিত হতে থাকে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে একসঙ্গে ভ্রমণের দৃশ্যও নজরে আসে।
গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি জনপ্রিয় পেরি পেরি ফুডশপে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনা আরও তীব্র হয়। তখন এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার জানান, তাদের দুজনকে ঘিরে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে তার বলার মতো কিছু নেই।
সেই সময় জেফার রহমান আরও বলেছিলেন, বিয়ে না করলেও ইতোমধ্যে মানুষ তার ব্যক্তিগত জীবন, বিয়ে আর সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করে ফেলছে। ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরাই হয়ে দিচ্ছে,’—এমন মন্তব্য করে তিনি জানিয়েছিলেন, এসব বিষয়ে তার আর কিছু বলার নেই। তিনি স্পষ্ট করে বলেন, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে কিছু শেয়ার করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
সব কথার পর, যা রটে তার কিছুটা হলেও যে ঘটে—তারই বাস্তব প্রমাণ মিলছে জেফার রহমান ও রাফসান সাবাবের আসন্ন বিবাহের খবরে। বহু আলোচিত এই সম্পর্ক এবার পৌঁছাচ্ছে নতুন এক অধ্যায়ে।
Tags: Jefar Rahman, Rafsan Sabbab, জেফার রহমান, রাফসান সাবাব


