রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেবে রাবি ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখা।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiyatabadi Chhatra Dal), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত একাধিক অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও সহাবস্থানের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সংগঠনটি এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমলে নিয়ে তার মানসিক অবস্থার পেশাগত ও নিরপেক্ষ মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajshahi University) এর উপাচার্য বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।