ভোটযুদ্ধ শুরুর দ্বিতীয় দিনেই পঞ্চগড়ে জামায়াত আমিরের জনসমাবেশ, আগেই কানায় কানায় পূর্ণ মাঠ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনেই পঞ্চগড়ে জনসমাবেশ করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে আয়োজিত এই সমাবেশে আমির পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সকাল গড়ানোর আগেই জনস্রোতে পরিণত হয় মাঠ ও আশপাশের এলাকা।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এটিই পঞ্চগড়ে জামায়াত আমিরের দ্বিতীয় সমাবেশ। আসন্ন জাতীয় নির্বাচনে দেশের উত্তরাঞ্চল থেকে প্রচারণা কার্যক্রমের দ্বিতীয় দিনের সূচনা হয় এই জেলা দিয়েই। সকাল থেকেই পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা চিনিকল মাঠের দিকে আসতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, সকাল ১০টার মধ্যেই মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গায় অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি ও ভোটের সমীকরণ সামনে রেখে এই জনসমাবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, পঞ্চগড়ের পাশাপাশি উত্তরাঞ্চলের আরও চারটি জেলায় পর্যায়ক্রমে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের।

এদিকে, পঞ্চগড় জেলায় জাতীয় সংসদের দুটি আসনের নির্বাচনি চিত্রও স্পষ্ট হতে শুরু করেছে। জেলার ১ নম্বর আসনে ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সারজিস আলম শাপলা কলি। অপরদিকে, ২ নম্বর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল ইসলাম, যিনি সফিউল্লাহ সুফি নামেও পরিচিত, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। প্রচারণার দ্বিতীয় দিনেই জনসমাগমের এই চিত্র নির্বাচনি উত্তাপকে আরও দৃশ্যমান করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Tags: Bangladesh Jamaat-e-Islami, National Parliament Election, পঞ্চগড়, জামায়াতে ইসলামি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন