ঝালকাঠির জনসভায় শীতল পাটির উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঝালকাঠিতে নির্বাচনি জনসভায় এক ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী হয়েছেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি স্থানীয় উপহার হিসেবে শীতল পাটি গ্রহণ করে জনসভা মঞ্চেই কিছু সময়ের জন্য শুয়ে পড়েন। মুহূর্তটি ঘিরে মাঠজুড়ে কৌতূহল ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি উপস্থিত হলে এ ঘটনা ঘটে। জনসভার একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি তার হাতে শীতল পাটি তুলে দেন। উপহার গ্রহণের পরপরই তিনি মঞ্চেই পাটিটি বিছিয়ে কিছুক্ষণ শুয়ে পড়েন। এতে উপস্থিত নেতাকর্মীরা যেমন হাসি-আনন্দে মেতে ওঠেন, তেমনি জনসভায় তৈরি হয় এক স্বতঃস্ফূর্ত পরিবেশ।

তবে ওই অবস্থায় তিনি বেশিক্ষণ থাকেননি। অল্প সময়ের মধ্যেই উঠে দাঁড়িয়ে মঞ্চে উপস্থিত দলের নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাকে। এ সময় জনতার করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

দীর্ঘ বছর ধরে চলা ফ্যা’\সি’\বা’\দী শাসনব্যবস্থার পতনের পর এটি তার তৃতীয় ঝালকাঠি সফর। এই সফরকে ঘিরে জেলার দুটি সংসদীয় আসনেই লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। জনসভায় আসা নেতাকর্মীরা বলছেন, জামায়াত আমিরের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন গতি এনেছে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের প্রাক্কালে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সাংগঠনিক বার্তা পৌঁছে দিতেই এ সফর। ঝালকাঠির জনসভায় তার স্বতঃস্ফূর্ত আচরণ ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা অনেকের কাছেই ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।