নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশত্যাগ, দুবাই হয়ে জার্মানিতে প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়্যব

নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সংক্রান্ত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (Fayez Ahmed Taiyeb)। তবে সরাসরি ইউরোপে না গিয়ে তিনি দুবাই হয়ে জার্মানিতে গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কালবেলাকে সরকারের একটি সূত্র নিশ্চিত করে জানায়, গত ১১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (National Parliament Election)-এর ঠিক একদিন আগে একটি কনফারেন্সে যুক্ত হন ফয়েজ আহমদ তৈয়্যব। কনফারেন্সটি সবার জন্য উন্মুক্ত ছিল না; সেখানে উপস্থিত ছিলেন বিশেষ কয়েকজন ব্যক্তি।

সূত্রের তথ্যানুযায়ী, কনফারেন্সের পর তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ইমিগ্রেশন সূত্রে তার ফেরার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কবে নাগাদ তিনি দেশে ফিরবেন—তা নিয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর প্রশাসনিক হলে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ওই কনফারেন্স। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান (Dr. Niaz Ahmed Khan) এবং ডাকসুর আলোচিত নেতা সর্বমিত্র চাকমা (Sarbo Mitra Chakma) সহ আনুমানিক ১০ থেকে ১৫ জন ব্যক্তি।

এদিকে নির্ভরযোগ্য আরেকটি সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনকালীন বিভিন্ন পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে নির্বাচনের আগ থেকেই অনেকটা চাপে ছিলেন ফয়েজ তৈয়্যব। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি জার্মানিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি আদৌ দেশে ফিরবেন কি না—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।