সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি ও সরকারের নতুন যাত্রাপথ নিয়ে প্রধানমন্ত্রী এই ভাষণে দিকনির্দেশনা তুলে ধরবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইতোমধ্যে এ ভাষণ সরাসরি প্রচারের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। নতুন এই মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম জাতির উদ্দেশে ভাষণ হতে যাচ্ছে।

নতুন মন্ত্রিসভার দায়িত্বগ্রহণের পরপরই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সরকারের অগ্রাধিকার, নীতিগত অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কী বার্তা আসে—সেদিকেই এখন সবার দৃষ্টি।