ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতা অর্জনের পর প্রধামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। শপথ নিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও এটি সরাসরি সম্প্রচার করবে।
এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুর থেকে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের ১ নম্বর ভবন (মন্ত্রিপরিষদ ভবন) এ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে তিনি তার প্রথম কর্মদিবস শুরু করেন।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানা যায়, দাপ্তরিক কার্যক্রমের শুরুতেই তিনি দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এটি নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। এরপর বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার সময়সূচি রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথবাক্য পাঠ করান।


