রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হ’\ত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, চাঁদাবাজির এই বিস্তৃত সংস্কৃতির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে আন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি।
রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লিখেছেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হ’\ত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
তার ভাষায়, চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে যে, চাঁদা না দেওয়াটাই যেন অপরাধে পরিণত হয়েছে। সমাজের নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজিকে নানাভাবে বৈধতা দেওয়া হয় বা প্রশ্রয় দেওয়া হয়, তখন এর দায় শুধু ব্যক্তির ওপর সীমাবদ্ধ থাকে না—সংশ্লিষ্ট সকলকেই সেই দায় বহন করতে হয়।
ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? তিনি বলেন, না—আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। তার মতে, প্রিয় জনগণকে সঙ্গে নিয়েই চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, দেশকে যারা সত্যিকার অর্থে ভালোবাসেন, তাদের সবার প্রতি আহ্বান—চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। তিনি দৃঢ় কণ্ঠে জানান, এই লড়াই চলবে। “আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ”—এভাবেই তিনি তার বক্তব্য শেষ করেন।
