মালয়েশিয়ার সাবাহ উপকূলে ৭.১ মাত্রার গভীর ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ৭.১ রেকর্ড করা হয়েছে। হঠাৎ এই কম্পনে গভীর রাতে উপকূলবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ভূপৃষ্ঠে এই কম্পন শুরু হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (United States Geological Survey) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী কোটা কিনাবালু (Kota Kinabalu) থেকে প্রায় ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে অবস্থিত ছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনের গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার—যা একে একটি গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করে।

এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহতের নির্দিষ্ট খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র (US Tsunami Warning Center) কোনো ধরনের সতর্কতা জারি করেনি। সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, গভীর সমুদ্রতলে এই কম্পন সংঘটিত হওয়ায় সুনামির আশঙ্কা নেই।

অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর (Malaysian Meteorological Department) ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাবাহ’র পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি।