যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গু’\লিতে ২১ বছর বয়সী এক তরুণ নি’\হত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটে। নি’\হত তরুণকে নর্থ ক্যারোলাইনার ক্যামেরনের বাসিন্দা অস্টিন টি. মার্টিন হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিবিসি (BBC)।
পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি একটি পেট্রোল ক্যানিস্টার ও একটি শটগান সঙ্গে নিয়ে মার-এ-লাগোর অভ্যন্তরীণ সীমানায় প্রবেশ করেন। সিক্রেট সার্ভিস এজেন্ট ও শেরিফ অফিসের সদস্যরা তাকে অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেন। তবে তিনি ক্যানিস্টারটি ফেলে দিয়ে শটগানটি গু’\লি করার ভঙ্গিতে উঁচিয়ে ধরেন। এ পরিস্থিতিতে এজেন্টরা আত্মরক্ষার্থে গু’\লি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরিফ আরও জানান, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত ছিল এবং পুরো ঘটনাটি নথিভুক্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এ ঘটনায় আহত হননি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র সিবিএস নিউজ (CBS News)-কে জানিয়েছে, অস্টিন টি. মার্টিনের পরিবার গত শনিবারই তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, মার-এ-লাগোর কোনো এক অতিথি বেরিয়ে যাওয়ার সময় সেই সুযোগে তিনি ভেতরে প্রবেশ করেন। নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাওয়ার পথে তিনি শটগানটি কিনেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে এফবিআই (FBI)-এর পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাটির তদন্তে প্রয়োজনীয় সব জনবল নিয়োগ করা হয়েছে। সিক্রেট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ঘটনার পর সিক্রেট সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি হামলাকারীকে ‘অস্ত্রধারী উন্মাদ’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছে।
১৯২৭ সালে নির্মিত মার-এ-লাগো বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ‘উইন্টার হোয়াইট হাউস’ হিসেবে পরিচিত। অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত এই স্থাপনাকে ঘিরে নিরাপত্তা বলয় সবসময় কঠোরভাবে বজায় রাখা হয়।


