আইসিটির চিফ প্রসিকিউটর পদে তাজুলের বদলে আমিনুল, বিচারপ্রক্রিয়ার মাঝপথে বড় পরিবর্তন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে ট্রাইব্যুনালের চলমান বিচারপ্রক্রিয়ার মধ্যেই গুরুত্বপূর্ণ এ পদে রদবদল ঘটল।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (Bangladesh Jatiyatabadi Ainjeebi Forum)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ছিলেন। আইন অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় এই আইনজীবী বিভিন্ন আলোচিত মামলায় আসামিপক্ষের হয়ে সওয়াল করেছেন।

বিশেষ করে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহ ও হ’\ত্যা মামলার আসামিদের পক্ষে অন্যতম আইনজীবী ছিলেন তিনি। বিডিআর বিস্ফোরক মামলার শুনানিতেও আসামিদের খালাস ও জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এসব মামলায় তার ভূমিকা তাকে জাতীয় পর্যায়ে আলোচনায় নিয়ে আসে।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম। তার স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। তার নেতৃত্বে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ নির্বাচন পর্যন্ত সময়ে জমা দেয় প্রসিকিউশন।

বর্তমানে এসব মামলার বিচার চলছে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হ’\ত্যাসহ আরও দুটি মামলা। আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।

এছাড়া আওয়ামী লীগ (Awami League) সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী এমপি-মন্ত্রী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।

চলমান এসব উচ্চপ্রোফাইল মামলার প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর পদে এই পরিবর্তন বিচারপ্রক্রিয়ার গতিপথে কী প্রভাব ফেলবে—তা এখন রাজনৈতিক ও আইন অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।