ঢাকা সেনানিবাসে প্রথম দাপ্তরিক কার্যক্রম, সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি তার নির্ধারিত অফিসে পৌঁছান। এ সময় সেখানে উপস্থিত সশস্ত্র বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলাপ করেন।

দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুইজন পদোন্নতি পাওয়া সেনা কর্মকর্তাকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (Waker-Uz-Zaman), নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান (Mohammad Nazmul Hassan), বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (Hasan Mahmud Khan), প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।