সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেট শহরে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লালদিঘিরপাড় হকার্স মার্কেট পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “যদি কেউ চাঁদা চায় বা দাবি নিয়ে হাজির হয়, তাদের আটক করুন এবং আমাদের খবর দিন। আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। কেউ যেন দাপট দেখাতে না পারে।” তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করা হচ্ছে এবং অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, র্যাব-৯ এর সদস্যরা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সদস্যরা।
