কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা নাজমুল মোস্তফা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সদ্য কারামুক্ত দুলা মিয়া-কে কারা ফটকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেছেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

দুলা মিয়া নির্বাচনের আগে চট্টগ্রামে নিজ বাসা থেকে আটক হন। তাকে লোহাগাড়া থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তিনি জুলাই আন্দোলনের সময় সরাসরি স্বৈরাচার আওয়ামী লীগের নিপিড়নের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নেতাকে কারা ফটকে ফুল দিয়ে বরণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, দুলা মিয়া বিভিন্ন সভা-সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে উপস্থিত ছিলেন। এই ছবি এবং ঘটনা নেট দুনিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

স্থানীয় বিএনপি নেতা রবিউল হাসান রবি বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগের আমলে জনসাধারণকে মানুষ মনে করেনি দুলা মিয়া। বিএনপির অনেক নেতা তার হামলার শিকার হয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের নেতারা। বলার ভাষা নেই।”

চলতি বছরের ৪ জানুয়ারি রাতে পাঁচলাইশ থানাধীন সুগন্ধা আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা দুলা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।