২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধু ই-ভিসা দেবে যুক্তরাজ্য

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন (British High Commission) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে এই তথ্য সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

ইউকেভিআই অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইউকেভিআই সেবা গ্রহণে কোনো অর্থ লাগবে না।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে ভিসা প্রক্রিয়া আরও ডিজিটাল ও কাগজবিহীন হবে বলে ধারণা করা হচ্ছে। আবেদনকারীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সময়মতো অ্যাকাউন্ট তৈরি ও তথ্য যাচাই সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।