বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) (Bangladesh-India Friendship Power Company Limited – BIFPCL)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রকৌশলী রমানাথ পূজারি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে তিনি রামপালে অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (এমএসটিপিপি) (Maitree Super Thermal Power Project – MSTPP)-এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে প্রকল্পটির পরিচালনা ও উৎপাদন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় ছিল।
একই সঙ্গে ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেড (NTPC Limited)-এর নির্বাহী পরিচালক হিসেবে তিনি প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত বিধিবিধান প্রতিপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে এমএসটিপিপিতে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশগত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রকল্প এলাকার টাউনশিপ উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। প্রকল্পকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন এবং কমিউনিটি সম্পৃক্ততায় তার সম্পৃক্ততা ছিল দৃশ্যমান।
উল্লেখ্য, রমানাথ পূজারি ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে তিনি এনটিপিসি লিমিটেডে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
