আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গত সোমবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং কার্যক্রমের সমন্বয়ের জন্য আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা। কমিটিতে সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সার্বিক সহযোগিতা করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কমিটি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনী প্রক্রিয়া, প্রস্তুতি ও মাঠ পর্যায়ের সমন্বয় নিশ্চিত করার কাজ করবে।
দায়িত্ব গ্রহণের পর সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, “সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ডে যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…”–এতে নতুন নির্বাচনী অভিযানকে ইঙ্গিত দিয়েছেন তিনি।


