একই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ঈশ্বরগঞ্জ পাইলট স্কুলের ৬ সাবেক শিক্ষার্থী, স্ব-স্ব কর্মস্থলে যোগদান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট হাইস্কুলের ছয়জন সাবেক শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে চিকিৎসক হিসেবে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করেছেন। গত ১৯ ফেব্রুয়ারি তারা দায়িত্ব গ্রহণ করেন।

নবনিযুক্তরা হলেন—২০০৯ ব্যাচের আনোয়ার রহমান ইমন, ২০১২ ব্যাচের নির্জনা রাউত তন্বী, ২০১৩ ব্যাচের অনন্যা সরকার, ২০১৪ ব্যাচের আনিসুর রহমান রিয়াদ, নিশাত ফারহানা এবং জয়িতা দাস।

আনিসুর রহমান রিয়াদ নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের ফজলুর রহমান ও রওশন আরা বেগমের ছোট ছেলে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন তিনি। আনিসুর রহমান বলেন, স্কুলজীবন শেষ করার আগেই তার বাবার আকস্মিক মৃত্যু হয়। বাবার স্বপ্ন পূরণে তিনি নিরন্তর পরিশ্রম করেছেন, তবে এই অর্জনের দিনটি বাবা দেখে যেতে পারেননি।

নিশাত ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি পৌর শহরের ধামদী গ্রামের বাসিন্দা। বড়ভাগ হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন মাস্টার ও রায়হানা আক্তারের মেয়ে তিনি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকার সঞ্জিত কুমার দাশ ও বীণা রাণী দাশের মেয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে বিডিএস শেষ করেন তিনি।

অনন্যা সরকার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অমরেশ সরকার ও মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী পালের মেয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি।

নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগ দিয়েছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌর সদরের চরহোসেনপুর গ্রামের হোমিও চিকিৎসক তাপস চন্দ্র রাউত ও প্রতিমা রাণী রাউতের কন্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগ থেকে বিডিএস সম্পন্ন করেন। মেয়ের এই অর্জনে তার বাবা-মা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া থানা রোডের মজিবুর রহমান ও মমতাজ রহমানের ছেলে। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এর আগে পরিবার পরিকল্পনা ক্যাডারে মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলেন, একই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে বিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষার্থীর যোগদান বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।