নির্বাচনি অনুদান ফেরত চাইলে ফরম পূরণেই মিলবে অর্থ, জানালেন ডা. তাসনিম জারা

নির্বাচনি তহবিলে অনুদান দেওয়া সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা (Dr. Tasnim Zara)। অনুদানদাতাদের কেউ যদি তাদের অর্থ ফেরত পেতে চান, তাহলে নির্ধারিত ফরম পূরণ সাপেক্ষে যাচাই-বাছাই করে তা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক (Facebook) পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তাসনিম জারা লেখেন, তাদের নির্বাচনি তহবিলে যারা অনুদান দিয়েছেন, সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞ। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটে কেউ যদি প্রদত্ত অনুদান ফেরত নিতে চান, তাহলে যেন দ্বিধা না করে নির্দিষ্ট ফরম পূরণ করেন।

তিনি উল্লেখ করেন, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্ধারিত গুগল ফরম পূরণ করে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। তিনি ফরমের লিংকও পোস্টে যুক্ত করেছেন।

এছাড়া যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছিলেন, তাদের ক্ষেত্রেও সুযোগ রাখা হয়েছে। ডিপোজিট স্লিপ হারিয়ে গেলেও বা সঙ্গে না থাকলেও আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি। সে ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন তাসনিম জারা।

অন্যদিকে, যারা মোবাইল আর্থিক সেবা বিকাশ (bKash)-এর মাধ্যমে অনুদান পাঠিয়েছেন, তাদের জন্যও আলাদা ফরমের ব্যবস্থা রাখা হয়েছে। সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ মার্চ, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাসনিম জারা লেখেন, তাদের আস্থা ও ভালোবাসাই তার পথচলার শক্তি।