জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র পদে প্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আসিফ বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হতে বলা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
ছয়টি সিটি করপোরেশনে দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে এ ধরনের নিয়োগের কোনো বিধিবিধান ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক স্থানে ফ্যাসিবাদের দোসররা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তখন সরকার বিধান করে যে, প্রয়োজন হলে যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে। তবে তার দাবি, অন্তর্বর্তী সরকার আইন থাকা সত্ত্বেও তা ব্যবহার করেনি, শুধু একটি ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।
তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার দায়িত্বে আসার পর যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বঞ্চিত বা নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘প্রাইজ পোস্টিং’ দিয়ে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দেড় বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য উল্লেখ করে আসিফ বলেন, এতে নাগরিক সেবায় ভোগান্তি বাড়ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা জরুরি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো রূপরেখা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির মুখপাত্র। তার ভাষ্য, নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ নেই, দেখে মনে হয় যেন আমৃত্যু প্রশাসক হিসেবে থাকবেন। অথচ সরকারি চুক্তিভিত্তিক নিয়োগে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ—ছয় মাস, এক বছর বা দুই বছরের মতো নির্দিষ্ট মেয়াদ সাধারণত থাকে।
দুই দিন ধরে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযানের নামে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর হা’\মলা হয়েছে বলে দাবি করে তিনি এর নিন্দা জানান। তার মতে, এর মাধ্যমে জনগণকে ভীত রাখার চেষ্টা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন বা রাস্তা অবরোধের প্রশ্নে ভারসাম্য থাকা প্রয়োজন। অযৌক্তিক অবরোধ তিনি সমর্থন করেন না, তবে যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকারও বিঘ্নিত হওয়া উচিত নয়।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হান্নান মাসউদ বলেন, বিভিন্ন কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও দলের ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিজেকে দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন সকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি হা’\মলার শিকার হন। তার স্ত্রীর ওপরও হা’\মলা হয়েছে এবং হাতিয়ায় এখনো মামলা চলমান রয়েছে।
তিনি জানান, এনসিপি আগামী সব স্থানীয় নির্বাচনে অংশ নেবে। সব পৌরসভা, সিটি করপোরেশন ও ওয়ার্ডে অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রস্তুত করা হবে।
