‘স্বর্ণযুগের সূচনা’ দাবি ট্রাম্পের, স্টেট অব দ্য ইউনিয়নে এক বছরের অর্জনের হিসাব

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (U.S. House of Representatives)-এ দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তার এক বছরের অর্জনকে ‘এক যুগের সেরা পরিবর্তন’ হিসেবে তুলে ধরেছেন। সীমান্ত নিরাপত্তা জোরদার, অর্থনীতির চাঙ্গা অবস্থা এবং অপরাধ দমনে অগ্রগতিসহ বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রে নতুন ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ক্যাপিটল হিলে ভাষণ শুরু হতেই তার সমর্থকদের ‘ইউএসএ’ স্লোগানে কক্ষ মুখরিত হয়ে ওঠে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই ভাষণে ট্রাম্প মূলত অর্থনীতি, অভিবাসন নীতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির প্রশ্নকে প্রাধান্য দেন।

ভাষণের শুরুতেই তিনি বলেন, “আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে; আগের চেয়ে বড়, আরও ভালো, আরও সমৃদ্ধ এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।” নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত এই বক্তব্য পুনরুল্লেখ করে তিনি দাবি করেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ এখন বাস্তবে রূপ নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সীমান্ত এখন সুরক্ষিত, জনগণের মনোবল ফিরে এসেছে, মুদ্রাস্ফীতি দ্রুত কমছে এবং মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। মার্কিন অর্থনীতি আগের চেয়ে শক্তিশালী—এমন দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষরাও এখন যুক্তরাষ্ট্রকে ভয় পায়।

চলতি বছরের শেষ দিকে উদ্‌যাপিত হতে যাওয়া দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ টেনে ট্রাম্প তার প্রেসিডেন্সিকে ‘যুগান্তকারী পরিবর্তন’-এর সূচনা হিসেবে আখ্যায়িত করেন। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। প্রথা অনুযায়ী, তিনি মার্কিন কংগ্রেসের সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে এ ভাষণ প্রদান করেন।