লাগেজে মদ পাওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’, মানহানিকর প্রচারে আইনি পদক্ষেপে মেহজাবীন

লাগেজে মদের বোতল পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury) অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন। বরং তিনি দাবি করেছেন, তাকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে মানহানির চেষ্টা চলছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন জানান, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে যে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তার ভাষ্য, উল্লিখিত কোনো ঘটনায় তাকে কখনোই বিমানবন্দরে আটকানো হয়নি। এমনকি তার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও জব্দ করা হয়নি।

তিনি স্পষ্ট করে বলেন, তার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের দাবির পক্ষে কোনো বাস্তব ভিত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেননি—এ দাবিও করেন অভিনেত্রী। তিনি প্রশ্ন তোলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তার লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হয়েছে—এমন কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেউ দেখাতে পারবে কি না।

নিজের পোস্টে মেহজাবীন লেখেন, বর্তমানে মানহানি যেন এক ধরনের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কোনো প্রমাণ ছাড়াই কেবল ক্লিকবেইট তৈরির উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

এর আগে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় তাকে আটক করা হয়েছিল এবং তার লাগেজে ১৪ বোতল মদ পাওয়া যায়। ওই সময় তার সঙ্গে নির্মাতা ও প্রযোজক স্বামী আদনান আল রাজীব (Adnan Al Rajeev) এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত (Shankha Dasgupta) ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।