মাদারীপুর-১ শিবচর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, শিবচরের কোথাও কোনো পরিবহন শ্রমিক বা গাড়ি মালিক যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া বা চাঁদা আদায় করলে তাৎক্ষণিকভাবে আটক করে তাকে ফোন করতে হবে। মঙ্গলবার তিনি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর বাস স্টেশন পরিদর্শন করেন এবং মহাসড়কের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যাত্রী পরিবহনের চাঁদাবাজি বন্ধে সতর্ক বার্তা দেন।
পাচ্চর যাত্রী ছাউনিতে সাধারণ যাত্রী, পরিবহন স্টাফ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি মহাসড়কে যাত্রী ছাউনি ছাড়া যাত্রী উঠানামা না করার পরামর্শ দেন এবং জানান, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রশাসনকে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। যাত্রীদের হয়রানি করে অতিরিক্ত ভাড়া নেওয়া কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সরকারের অগ্রাধিকার হলো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা। সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্টদের নির্ধারিত ভাড়ার তালিকা মেনে কাজ করতে হবে।
পরিদর্শনের সময় শিবচর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিবচর থানার পুলিশ টিম ও শিবচর হাইওয়ে থানা পুলিশ উপস্থিত ছিলেন।

