ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেছেন, অমর একুশে বইমেলায় মবের আশঙ্কা না থাকলেও পুলিশ সর্বদা সতর্ক থাকবে। বুধবার মেলা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা ব্রিফিংয়ে তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।
মো. সরওয়ার বলেন, মেলায় প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, সাদা পোশাকের বিশেষ পুলিশ টিম মোতায়েন থাকবে, এবং নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সোয়াট টিমও প্রস্তুত থাকবে।
তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর চাপ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মেলা প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আগতদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই স্টলে পুলিশ সতর্ক নজর রাখবে এবং কোনো মব পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

