মেক্সিকো বিশ্বকাপ: এল মেনচো হত্যার পরও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত ফিফা

মাদক চক্রের শীর্ষ নেতা নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা নিহত হওয়ার পর মেক্সিকোতে ছড়ানো সহিংসতার মধ্যে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কলম্বিয়ার বারাঙ্কিয়ায় এএফপিকে তিনি বলেন, “খুবই আশ্বস্ত। সব কিছু ভালো আছে। এটি দারুণ হবে।”

মেক্সিকো ১১ জুন থেকে ১৯ জুলাই যৌথভাবে যুক্তরাষ্ট্রকানাডা এর সঙ্গে বিশ্বকাপ আয়োজন করবে। এল মেনচো হত্যার পর হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের বিরুদ্ধে অভিযান শুরু হলে অন্তত ৭৪ জন নিহত হয় এবং ৩২টির মধ্যে ২০টি রাজ্যে কার্টেল সদস্যদের দ্বারা সড়ক অবরোধ, আগুন জ্বালানো ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

গুয়াদালাহারা শহরও সহিংসতায় কেঁপে ওঠে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিশ্চিত করেছেন, বিশ্বকাপ দর্শকদের জন্য কোনো ঝুঁকি নেই এবং তাদের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে। গুয়াদালাহারা ও মনতেরে যৌথভাবে চারটি গ্রুপ ম্যাচ ও প্লে-অফ টুর্নামেন্টের আয়োজন করবে, যার মধ্যে প্রথম রাউন্ডে উরুগুয়ে ও স্পেনের ম্যাচও অন্তর্ভুক্ত।

ফিফা সভাপতি পরিষ্কার করেছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে আস্থা রয়েছে এবং এখন নজর নিরাপত্তা ও প্রস্তুতির দিকে।