জিজ্ঞাসাবাদে ‘গায়ে হাত তুলবেন কেন?’—ঢাবি ইস্যুতে শবনম ফারিয়ার প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া (Shabnam Faria)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ধরন নিয়ে তিনি তুলেছেন স্পষ্ট ও সরাসরি প্রশ্ন।

নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের সার্চ বা জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তার ভাষায়, দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন—এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন?

অভিনেত্রীর মতে, ক্ষমতার অপব্যবহারই সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান ধরে রাখতে হলে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। ফারিয়া লেখেন, শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলেই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই—আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।

পোস্টের শেষাংশে তিনি নাগরিক মর্যাদার প্রশ্নটিকে সামনে আনেন। তার বক্তব্য, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে রক্ষা করতে হবে।

ফারিয়ার এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুসারীদের মধ্যেও সাড়া পড়েছে। অনেকেই লিখেছেন, নাগরিক হিসেবে সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চান। তবে সেই বিশ্বাস অটুট রাখতে হলে দায়িত্বশীল আচরণ ও পেশাদারিত্বই হওয়া উচিত প্রধান ভরসা।