পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (Dhaka Metropolitan Police)-এর কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান।
ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
চাকরির নিয়মিত মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সে জন্য প্রশংসাও পান।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন শেখ মো. সাজ্জাত আলী। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন তিনি। উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএমপিতে। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
ডিআইজি পদে পদোন্নতির পর হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর বাধ্যতামূলক অবসর প্রদানের সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে বর্তমান সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণও গ্রহণ করেছেন এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
