রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে বিস্ফোরক অভিযোগ সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি শেয়ার করে গুরুতর অভিযোগ তুলেছেন। বুধবার দেওয়া ওই পোস্টে তিনি আসন্ন নির্বাচন, রাজনৈতিক সমঝোতা এবং রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, “এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র!” তার দাবি, বিএনপি মাঠপর্যায়ে গিয়ে বুঝতে পারে যে এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না। সেই উপলব্ধি থেকেই তারা আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রত্যেকটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে বৈঠক করা হয়েছে এবং “যত অপরাধী হোক না কেন” তাদের জামিন করানো বা সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি আরও লেখেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশের ভেতরে ও বাইরে কিছু এজেন্ট একসঙ্গে মিলে নির্বাচন সম্পন্ন করেছে এবং ক্ষেত্রবিশেষে “ইঞ্জিনিয়ারিং” করে সরকার গঠন করেছে।

এনসিপির এই নেতার বক্তব্যে অতীতের ঘটনাও উঠে আসে। তিনি দাবি করেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হ’\ত্যা’\কা’\ণ্ড ঘটিয়েছে এবং সেনাবাহিনীর অফিসারদের খু’\ন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হ’\ত্যা’\কা’\ণ্ডকে মশকরা করা ছাড়া কিছু নয়।

সারজিস আলম আরও লেখেন, যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল এবং হাজার হাজার বিএনপি নেতা-কর্মীকে নির্যাতন করে ঘরে থাকতে দেয়নি—সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব এখন বিএনপি নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পোস্টের শেষাংশে তিনি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সময়ের পরিক্রমায় যদি তারা আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত-নিপীড়িত হন, তাহলে তার দায় তাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে।

তিনি আরও লেখেন, “যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যেকোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খু’\ন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে।” একই সঙ্গে তিনি এই পদক্ষেপের জন্য তারেক রহমানকে ধিক্কার জানান।