ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীর স্ত্রী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন, তাদের স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। গত মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে দেওয়া এক বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ মন্তব্য করেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এক মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এগুলায় বলে ‘আমি কী করতাম?’ সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, তার দলে কিছু ‘মোনাফিক’ আছে, যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়। তার অভিযোগ, কেউ কেউ অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার এমনও রয়েছে, যারা বিএনপি নেতা হলেও তাদের স্ত্রী ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীকে।
বিএনপির মনোনয়নে নির্বাচিত এই এমপি বলেন, যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছেন, তারাই এখন ঢাকায় গিয়ে তার সঙ্গে সেলফি তুলছেন। তার ভাষায়, “সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আরে চিটিং তুই এতদিন কই ছিলি? নির্বাচনের দিন কই ছিলি?”
তিনি আরও অভিযোগ করেন, তার কাছে গুরুত্ব না পেয়ে কিছু ‘হাইব্রিড’ নেতা তার বদনাম করছেন। “বলে কি না, নেতা খারাপ ব্যবহার করে”—এমন মন্তব্যও করেন তিনি।
এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
