গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের পর বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যাদের মধ্যে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালক। একই সঙ্গে পূর্বে শোকজ হওয়া তিন কর্মকর্তার বদলির আদেশও বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে, মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ এবং মো. বায়েজিদ সরকার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে (ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, কারেন্সি হিসেবে দায়িত্ব) পদায়ন করা হয়েছে।
পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তাদের বর্তমান দপ্তরে দায়িত্ব হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
অন্য এক আদেশে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম মাসুম বিল্লাহ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণের পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
